যুব দিবস উপলক্ষে কক্সবাজারে তরুণদের নিয়ে কনফারেন্স

'যুবদের জন্য সবুজ দক্ষতা – একটি টেকসই পৃথিবীর দিকে' এই প্রতিপাদ্যে ১২ আগস্ট পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে 'ইয়ুথ ওয়ার্কিং গ্রুপ' এর উদ্যোগে তরুণদের জন্য ২৮ ও ২৯ আগস্ট কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজন করা হয় দুইদিনব্যাপী কনফারেন্সের। এ সময় তরুণদের সবুজ দক্ষতার গুরুত্ব এবং একটি টেকসই ভবিষ্যতের বিনির্মাণের ওপর আলোচনা করা হয়। 

আয়োজকরা বলেন, পরিবেশ, সবুজ দক্ষতার উন্নয়ন, লিঙ্গ সমতাসহ বিভিন্ন বিষয়ে কক্সবাজারের কার্যক্রম পরিচালনাকারী সংগঠনগুলোর কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা এই কনফারেন্সের উদ্দেশ্য। এসময় কক্সবাজারের এডুকেশন, ফুড সিকিউরিটি ও লাইভলিহুড অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট সেক্টর থেকে সমন্বয়কারীরা এই কনফারেন্সের বিভিন্ন আলোচনায় অংশ নেন। এছাড়া কনফারেন্সের কারিগরি সহযোগিতায় ছিল বিবিসি মিডিয়া একশন, এইচএপি, এনআরসি ও ইউএনএফপিএ। কনফারেন্সে কক্সবাজারসহ সারা বাংলাদেশ থেকে তরুণ ও বিভিন্ন সেক্টর সমন্বয়কারী, স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠন যোগদান করে। 

ইয়ুথ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা দুই দিন ব্যাপী তরুণদের সঙ্গে পরিবেশ পরিবর্তন, সবুজ দক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন। এছাড়াও কন্সফারেন্সের প্যানেল ডিস্কাশনে ইউনিসেফ, ইউওএনপিএ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে হিউম্যানিটেরিয়ান এসিস্টেন্স প্রোগ্রাম থেকে ইমাদ আহমেদ বলেন, 'সবুজ দক্ষতা শুধু টেকসই উন্নয়নের সরঞ্জাম নয়, কিন্তু সেটার বাংলাদেশি তরুণদের ক্ষমতায়ন ও রুপান্তর করার মত ক্ষমতা রাখে। কক্সবাজারে আন্তর্জাতিক যুব দিবস কনফারেন্স মানবিক এবং উন্নয়ন বিশেষজ্ঞদের জন্য সম্পদ নিয়ে আলোচনা এবং একত্রিত করার একটি প্লাটফর্ম ছিল, যেটা যুবদের ইতিবাচক পরিবর্তনের সহায়তা করে। এই আয়োজন সহায়তা, শিক্ষা ও সম্পৃক্ততার সুবিধা করে, যেটা সারা বাংলাদেশের যুবদের একসঙ্গে মানবিক মূল্যবোধে জলবায়ু সমাধান তৈরি করতে অনুমোদিত করে। এই আয়োজনের সফলতার পেছনের কারণ ছিল কক্সবাজার চেম্বার অব কমার্স, বিভিন্ন সেক্টর, এবং ইয়ুথ ওয়ার্কিং গ্রুপের (YWG) অংশীদারী সদস্যদের প্রচেষ্টা। সবাই মিলে আমরা বাংলাদেশের ও কক্সবাজারের জন্য একটি টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারব।' 

কক্সবাজারের তরুণ শাহ মোবারক বলেন, এই দুই দিনের আয়োজন ছিল অনেক সুন্দর ও মজার। আমি সবুজ দক্ষতা, অনলাইন প্লাটফর্মের দায়িত্বশীল ব্যবহার, এআই ব্যবহার করে পরিবেশ পরিবর্তনের সমাধান তৈরির মতো বেশ কিছু নতুন বিষয় জানতে ও শিখতে পেরেছি।

সেশনগুলো বেশ অংশগ্রহণমূলক ছিল বলে তাসবি আক্তার কনিকা নামের এক তরুণ বলেন, বক্তারা বিভিন্ন কন্টেন্ট ও খেলার মাধ্যমে সবুজ দক্ষতা, সবুজ অর্থনীতির মতো জটিল বিষয়গুলোকে সহজে আমাদের কাছে উপস্থাপন করেছেন। দুই দিনের এই কনফারেন্স টেকসই উন্নয়নে তরুণদের কার্যকরী ভূমিকা রাখার জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করেছে। সেক্টর পার্টনার ও তরুণদের অংশগ্রহণে দুই দিন ব্যাপী এই কর্মশালা ও গঠনমূলক আলোচনা পরিবেশ পরিবর্তনের বিরুদ্ধে তরুণ সমাজকে তৈরি করা এবং সবুজ দক্ষতা গড়ে তুলতে যে সকল পদক্ষেপ প্রয়োজন তার জন্য দিক নির্দেশনা নির্ধারণে ভূমিকা রেখেছে।

আয়োজকরা আশা রাখছেন, কনফারেন্সে অংশগ্রহণকারী তরুণরা সবুজ দক্ষতা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে টেকসই পৃথিবীর লক্ষ্যে কাজ করবে।