বেপরোয়া ট্রাকের ধাক্কায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের সৃজনীর মৃত্যুর খবর জানানো হয়েছে।'
সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
সৃজনীর সহপাঠীরা জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফাবিহা তার ছোট বোনকে নিয়ে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।
তিনি রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।