কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া
আগুন মাখা ফুল
লালের ছোঁয়ায় অবাক হাওয়া
দুলছে দোদুল দুল।
তুমি হলে ছেলেবেলা
তুমি কিশোরকাল
আজো তুমি তেমনি আছ
আকুল করা লাল।
চলতে গিয়ে পথিক থামে
বিশাল গাছের ছায়া
মাথার ওপর লাল বরন
তোমার আঁচল মায়া।
তুমি আকুল তুমি ব্যাকুল
দৃষ্টিকাড়া সুখ
কৃষ্ণচূড়া চূড়ায় তোমার
দীপ্ত তেজি মুখ।
যেন তুমি বাংলাদেশের
প্রতীক সবুজ লাল
তোমার মতো জ্বলজ্বলে হোক
সব মানুষের কাল।