ইত্তেফাকে সংবাদ প্রকাশ

সেই ভুয়া মেশিন চিকিৎসককে জরিমানা, চেম্বার সিলগালা

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সেই ভুয়া মেশিন চিকিৎসক আবু তাহের সিদ্দিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, তার চেম্বার সিলগালা করা হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে উপজেলার চরআবাবিল ইউপির (বাসাবাড়ী-হায়দরগঞ্জ সড়ক) দক্ষিণ উদমারা গ্রামের হাজি স্টেশন এলাকায় হাজি মেডিকেল হলে সনদ ছাড়া ‘চিকিৎসক’ পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল ইকবাল। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম ও রায়পুর থানা পুলিশের একটি দল।

‘আবু তাহের রোগীদের চিকিৎসা দেওয়ার কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়। এছাড়া, আর কোনো রোগী না দেখার লিখিত মুচলেকা নেওয়া হয়েছে’
- ডা. বাহারুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

জানা গেছে, ভুয়া ‘চিকিৎসক’ আবু তাহের গত ১০ বছর ধরে ভুয়া সনদ দেখিয়ে এক যন্ত্রে ৮০ রোগ শনাক্তের কথা বলে আসছেন এবং প্রেসক্রিপশনের মাধ্যমে অপচিকিৎসা দিয়ে

গ্রামবাসীর অর্থ লুটে নিচ্ছে এই হাতুড়ে চিকিৎসক। এ বিষয়ে গত ২৩ আগস্ট ইত্তেফাকে ‘রায়পুরের মেশিন চিকিৎসক আবু তাহের, এক যন্ত্রে ৮০ রোগ শনাক্ত’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নজরে আসে প্রশাসনের।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, আবু তাহের রোগীদের চিকিৎসা দেওয়ার কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়। এছাড়া, আর কোনো রোগী না দেখার লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল বলেন, জরিমানার অর্থ পরিশোধ ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।