বিয়ে ভাঙছে প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুরের!

হলিউড দুনিয়ায় দাম্পত্য কলহ নতুন কিছু নয়। প্রায়ই কান পাতলে শোনা যায় তারকাদের বিচ্ছেদের খবর। এবার বাতাসে ভাসছে প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর ও জা-এর বিয়ে ভাঙার খবর। সম্প্রতি হলিউড তারকা নিক জোনাসের ভাই সঙ্গীত তারকা জো জোনাস ও তার অভিনেত্রী স্ত্রী সোফি টার্নার বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জো জোনাস ও সোফির মধ্যে গত ৬ মাস ধরে দাম্পত্য সমস্যা চলছে। এমনকি তারা নাকি আইনজীবীদের সঙ্গে বিচ্ছেদের জন্য কথাও বলা শুরু করেছেন।

যদিও তাদের দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা গিয়েছে। এমনকি সম্প্রতি জোনাস ব্রাদার্সের মিউজিক সফরে জো-এর সঙ্গেই ছিলেন। তবে তাদের ঘনিষ্ঠ মহল বলছে জো-সোফির মধ্যে বেশকিছু সামাজিক অনুষ্ঠানে জো-এর হাতের বিয়ের আংটিটি আর দেখা যায়নি। জানা যায় এ তারকা দম্পতি সম্প্রতি তাদের মিয়ামি ম্যানশনও বিক্রি করে দিয়েছেন। তবে ঠিক কী নিয়ে জো- সোফির মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

জো জোনাস ও সোফি টার্নার

২০১৬ সালে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে জো জোনাসের প্রেমের খবর শোনা যায়, এরপর ২০১৭তে তাদের বাগদান হয়। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০-তে তাদের প্রথম সন্তান এবং ২০২২ জো-সোফির ঘরে দ্বিতীয় সন্তান আসে। তারপর থেকে তারা সুখেই সংসার করছিলেন। এদিকে আবার পেশাগতদিকে জো এবং সোফি দুজনেই তাদের কর্মজীবনে ব্যস্ত। জো, তার ভাইদের সঙ্গে একটি সফল মিউজিক্যাল ট্যুরও করেছেন।