সিজিপিএ শর্ত শিথিলের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে তা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। অধিভুক্ত সাত কলেজের স্নাতক ২য় এবং স্নাতক ৩য় বর্ষের ২০২১ সালের চূড়ান্ত পরীক্ষায় যেসব শিক্ষার্থী সিজিপিএ ২.০০ পেয়েছে তাদের যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভায় সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরা এ প্রস্তাবনা দেন। যা প্রাথমিকভাবে সবার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১ সালের অনার্স ২য় বর্ষ এবং অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী সিজিপিএ ২.০০ পেয়েছে তাদের যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আপনাকে (সাত কলেজের অধ্যক্ষ) অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিয়মের ফলে অধিকাংশ শিক্ষার্থী প্রমোশন পেয়ে যাবে। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা জিপিএ ২.০০ এর নিচে পেয়ে আন্দোলন করেছিল তাদের বিষয়ে কোনো শিথিলতা দেখাবে না কর্তৃপক্ষ।
সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, আমরা যে দাবি জানিয়েছিলাম সেটি কর্তৃপক্ষ বিবেচনা করেছে। সকল অনুষদের জন্য সমান সিজিপিএ করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে আমাদের কোনো দায়ভার নেই। অন্তত ২.০০ তো পেতেই হবে।
সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, সকল অনুষদে অভিন্ন সিজিপিএ আমরা সাত কলেজ বিশেষভাবে পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদেও এটি হবে। সেজন্য আমরা পেয়েছি। আমরা এইজন্য দীর্ঘদিন কাজ করেছি। আর এটা সবসময়ের জন্য প্রযোজ্য হবে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, সিজিপিএ ২.০০ এর নিচে যাওয়ার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে আমাদের মানটা বজায় রাখতে হবে। এ জন্য শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে। বর্তমানে বিদ্যমান নিয়মে সকল অনুষদেই প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে সিজিপিএ ২.০০ পেতে হয়।
এর আগে সাত কলেজের কলা অনুষদের শিক্ষার্থীরা প্রত্যেক বর্ষে জিপিএ ২.০০, সামাজিক বিজ্ঞান অনুষদে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠতে কমপক্ষে ২.২৫ পেতে হত। ব্যবসায় শিক্ষা অনুষদে দ্বিতীয় বর্ষে ২.২৫, ৩য় ও চতুর্থ বর্ষে ২.৫০ এবং ফাইনালে ২.৫০ পেতে হত। এছাড়া বিজ্ঞান অনুষদে প্রত্যেক বর্ষে কমপক্ষে সিজিপিএ ২.০০ ও ফাইনালে ২.৫০ পেতে হত। এখন সব অনুষদের শিক্ষার্থীদের জন্য সিজিপিএ অভিন্ন করে ন্যূনতম ২.০০ করা হয়েছে।
উল্লেখ্য, সিজিপিএ’র শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে উত্তরণের সুযোগ চেয়ে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। সবশেষ রোববার (২৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা।