গাজীপুরে হাত-পা বাঁধা নারী শ্রমিকের লাশ উদ্ধার

উপজেলার ভাওয়াল রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংকের পেছনের পুকুর থেকে সাবিনা আক্তার (২২) নামের এক নারী শ্রমিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।   বৃহস্পতিবার শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত সাবিনা আক্তার গাজীপুরের তেলিপাড়া গ্রামের নাহিদের স্ত্রী এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার জোঁকা গ্রামের লাল মিয়ার মেয়ে। 

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তেলিপাড়া এলাকার আকতার হোসেনের ছেলে নাহিদের সঙ্গে সাবিনার বিয়ে হয়। তারা সূর্য নারায়ণপুর গ্রামের কামাল হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতো। তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন: বরগুনায় রিফাত হত্যায় দুই আসামি গ্রেফতার 

নিহতের খালা ছোলেমা বেগম জানান, সাবিনা একাধিক ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতো। মঙ্গলবার (২৫ জুন) রাত ১১টায় অজ্ঞাত ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণে এ হত্যা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/অনি