মাদারীপুর জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
নিক্সন ব্যাপারী (৩৫) শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, হাজতি নম্বর ৩০৯৫/২৩ বন্দী আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
জেলা কারাগার ও হাসপাতাল জানায়, শিবচর থানার একটি চাঁদাবাজি মামলায় গত ২১ আগস্ট নিক্সন ব্যাপারীকে কারাগারে পাঠায় আদালত। সোমবার রাতে খাবার খাওয়ার পর রাত ১০টার দিকে হাজতি নিক্সনের হঠাৎ করে বুকে ব্যথা ওঠে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মারা গেছেন।