যেভাবে সিনেমায় অভিষেক হয়েছিল সালমান শাহ

সবেমাত্র হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন সালমান শাহ। এবার সিনেমায় অভিষেকের পালা। কিন্তু বাদ সাধলেন মা। ছেলে সিনেমায় অভিনয় করবেন তা মানতে নারাজ মা নীলা চৌধুরী। সেই কারণে সিনেমায় অভিনয়ের সায় দিলেন না। কিন্তু মায়ের অনুমতি না পেলে যে কিছুতেই সিনেমায় অভিনয় করা যাবে না।

কিন্তু সালমান শাহও ছাড়ার পাত্র নন। মায়ের সামনে আকুতি-মিনতি করতে থাকেন সিনেমায় অভিনয়ের জন্য। যেকোনো মূল্যে মাকে রাজি করাতে হবে। অবশেষে মায়ের পা ধরে বসলেন। মাকে বললেন, ‘একটাই মাত্র সিনেমা করবো।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার একটি দৃশ্যে সালমান শাহ ও মৌসুমী। ফাইল ছবি

ছেলের এই কাণ্ড দেখে বাবা রাজি হলেও নারাজ মা। পরে আর নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না মা, সিনেমায় অভিনয়ে ছেলেকে সম্মতি দিলেন।

‘ছেলে যা করতে চেয়েছিল, তাই করতে দিয়েছি। মডেলিং করতে দিয়েছি, নাটকে অভিনয়ও করতে দিয়েছি। কিন্তু সিনেমায় অভিনয় করতে দিতে চাইনি। কারণ সিনেমায় প্রেম করা, মেয়েদের হাত ধরা, নেচে নেচে গান করা আমার অপছন্দ ছিল। তাই রাজি হইনি’
- সালমান শাহের মা নীলা চৌধুরী

মায়ের অনুমতি পেয়েই চুক্তিবদ্ধ হন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৩ সালে। এতে অভিনয় করে সালমান শাহ এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে, তাকে আর পেছনে তাকাতে হয়নি।

সালমান শাহ। ফাইল ছবি

কিন্তু সিনেমায় অভিনয়ের ক্যারিয়ার বেশিদূর এগিয়ে নিতে পারেননি সালমান শাহ। ১৯৯৬ সালের আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) দর্শক, ভক্ত ও অনুরাগী- সবাইকে কাঁদিয়ে বিদায় নেন এই পৃথিবী থেকে।

‘একটাই মাত্র সিনেমা করবো’
- মায়ের কাছে সালমান শাহের আকুতি

মৃত্যুর পর বিভিন্ন তদন্তে এই নায়কের আত্মহত্যার বিষয়টি উঠে এলেও তার মায়ের ভাষ্য, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২৭ বছর পেরিয়ে গেলেও এখনও সেই মৃত্যুরহস্যের কূলকিনারা হয়নি।