ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’র অ্যাওয়ার্ডস পেলেন রায়হান রবিন

ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন মো. রায়হান উল্লাহ্ রবিন। তিনি চ্যানেল 24’এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার (ডিজিটাল) হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইনমার অফিসিয়াল ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মোঃ রায়হান উল্লাহ রবিন ‘অ্যাডভার্টাইজিং’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত জাহান।

গণমাধ্যমে কর্মরত ৩০ বছরের কম বয়সীদের স্বীকৃতি দিতে ইনমা তাদের ‘ইয়াং প্রফেশনালস ইনিশিয়েটিভ’–এর আওতায় এই পুরস্কার দিয়ে থাকে। 

এ বছর অ্যাডভার্টাইজিং, ডেটা, নিউজরুম, রিডার রেভিনিউ, লিডারশিপ এবং প্রোডাক্ট—এই ছয় ক্যাটাগরিতে ১৮ দেশের ২৭০ প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন পুরস্কার পেয়েছেন।

পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন ইনমার এক বছরের সদস্যপদ, দুটি মাস্টারক্লাস ট্রেনিং এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ‘ইনমা মিডিয়া ইনোভেশন উইক’–এ অংশগ্রহণের আমন্ত্রণ।