নকশায় পার্কিং দেখিয়ে বানানো হলো দোকান, ভবন ভাঙলো রাজউক

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনের নকশা ও নির্মাণকাজের অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজউকের জোন-৩/১ এর আওতাধীন মিরপুর এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

মিরপুর আহাম্মদ নগর পাইকপাড়ায় বশিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ রোডে ৩৪৬/এ/৬ আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান (দোকান) তৈরির জায়গা করেছেন। অথচ ভবনের নকশায় দেখানো হয়েছিল পার্কিং। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে বারান্দা তৈরি করা হয়েছিল সড়কের ওপরে। বিষয়টি রাজউকের অভিযান চলাকালে ধরা পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভবনটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে ভবনের মালিক মমতাজ বেগম উপস্থিত থাকলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিতেও অস্বীকার করেন। পরে তার এক আত্মীয় এসে মুচলেকা দেন। 

ওই এলাকার আবাসিক ভবনের বাসিন্দারা রাজউকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, এই প্লটের মালিক রাজউক থেকে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান যুক্ত করেছেন। আবাসিক এলাকায় কোনো দোকান বসানো আইন বহির্ভূত। তাই আমরা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনস্বার্থে রাজউকের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজউকের অভিযানে জোন ৩/১ এর অথরাইজড অফিসারসহ প্রধান ইমারত পরিদর্শক ও সহকারী অথরাইজড অফিসাররা উপস্থিত ছিলেন।