শাহরুখ ঝড়ের মধ্যে মুক্তি পেল 'সুজন মাঝি'

শাহরুখ ঝড়ের মধ্যেই মুক্তি পেল বাংলাদেশের সিনেমা 'সুজন মাঝি'। আজ দেশের ১৯ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেলোয়ার হোসেন ঝন্টু পরিচালিত সিনেমাটি। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

সুজন

গ্রামীণ আবহে নির্মিত এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে গ্রামীণ সৌন্দর্য। সিনেমার গল্প প্রসঙ্গে নিপুণ আক্তার সংবাদমাধ্যমকে বলেন, 'এই গল্প নৌকার কথা বলবে, বলবে গ্রামের কথা। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে জানতে পারবে আমাদের দেশটা কেমন।'

সুজন মাঝি

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের 'জাওয়ান'। এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে৷ তবে তা নিয়ে ভীত নন নিপুণ। তিনি বলেন, 'দেশে এর আগেও হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমেনি। আর এই সিনেমার আলাদা দর্শক রয়েছে। নিজ গুণে দর্শক পাবে 'সুজন মাঝি'।

একই সুরে কথা বললেন সিনেমার নির্মাতা দেলোয়ার হোসেন ঝন্টু। তিনি বলেন, 'আমাদের দেশটা পুরোটাই গ্রাম। আর এটা একটা গ্রামের গল্প। আমি মনে করি গ্রামের সিনেমাই দর্শক বেশি দেখে।'

'সুজন মাঝি' ঝন্টুর নির্মিত ৮১ তম সিনেমা। এতে ফেরদৌস-নিপুণ ছাড়া আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া প্রমুখ।