প্রকাশ্যে কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৭

প্রকাশ্যে কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। তারা বলছে, শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম গণমাধ্যমে প্রকাশ করেছে র‍্যাব। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।

ঘটনাটি ঘটার সময়কার একটি সিসিটিভি ফুটেজও গণমাধ্যমে পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, ‘সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তারা সাতজনকে গ্রেপ্তার করেছেন।’