আমানকে কারাগারে পাঠানোর আদেশ

তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার কথা থাকলেও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আদালতে আমানের আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবী ও সমর্থকরা অবস্থান নেন। স্লোগানে স্লোগানে আমানের জামিন দাবি করেন তারা। পাশাপাশি মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরাও। এসময় আদালতে নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।