ত্রিশালে মুক্তিযোদ্ধার নামে সড়কের উদ্বোধনে বাধা

ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীর নামে একটি সড়কের উদ্বোধন কাজে বাধা দিয়েছে স্থানীয় একটি মহল। 

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সূত্রে জানা গেছে, গত-২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ত্রিশাল উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মান্নান ঢাকা-ময়মনসিংহ সড়কের বৈলর এলাকার উজান পাড়া সুতিয়া নদীরপাড় কানহর ঈদগা মাঠ সংলগ্ন কাঁচা রাস্তাটি মুক্তিযুদ্ধে আহত ইউনুছ আলীর নামে রাখার জন্য অনুরোধ করেন। আলোচনা সভায় সড়কটি ঐ মুক্তিযোদ্ধার নামকরণে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। 

তার প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সড়কটির উদ্ধোধন করতে যান। কিন্তু উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্থানীয়রা উদ্বোধন কাজের বাধা প্রদান করেন। 

এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বলেন, ‘প্রশাসনিকভাবে রাস্তাটি আমার নামে করার সিদ্ধান্ত হয়। রাস্তাটি উদ্বোধনের দিন স্থানীয় এক নেতার নির্দেশে কর্নেল নামক এক ব্যক্তির নেতৃত্বে লোকজন এসে উদ্বোধন কাজের বাধা দেয়।’

আরও পড়ুন: ঝালকাঠি থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির বলেন, ‘মুক্তিযোদ্ধার নামেই সড়কটি প্রশাসনিকভাবে নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে উদ্বোধন কাজে বাধার বিষয়ে আমার জানা নেই।’

ইত্তেফাক/নূহু