রাজধানীর হাজারীবাগে নকশা ব্যতীত অনুমোদনহীন ভবন ও নির্মাণকাজের অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাজউকের জোন-৫/২ এর আওতাধীন হাজারীবাগ এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। অভিযান পরিচালনায় নের্তত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
হাজারীবাগ বেরিবাঁধ সংলগ্ন দিলু সরদার রোডে আবাসিক প্লটে অবৈধভাবে ১০ম তলা বিশিষ্ট ৫ টি ভবন নির্মাণাধীন। এই ভবন গুলো কোনো পরিকল্পিত নকশা তৈরি এবং রাজউক থেকে কোনো অনুমোদন নেই।
এছাড়া নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ করে চলাচলের রাস্তা অনেকাংশ দখল করে নেয়। বিষয়টি রাজউকের অভিযান চলাকালে ধরা পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভবনগুলো কিছু ভেঙে ফেলা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই উচ্ছেদ অভিযান চলাকালে ৪টি ভবনের মালিক ও তার প্রতিনিধিরা পালিয়ে যান।
এরা হলেন সরোয়ার হোসেন, বদিউল আলম, বোরহান উদ্দিন ও আব্দুর রাজ্জাক। প্রতিটি ভবনে ৯ম এবং ১০ম তলা পর্যন্ত ছাদ ঢালায় সম্পন্ন ও বাকি কাজ চলমান ছিল। তবে ৩য় তলা নির্মাণাধীন ভবনটির মালিক জাকির উদ্দিন আহমেদ উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট রাজউক নকশা অনুমোদন ব্যতীত এবং নিয়ম বর্হিভুত কোন ধরনের নির্মাণ কাজ করবেন না, এই মর্মে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প অঙ্গীকারনামা দেন।
নকশা অনুমোদন ব্যতীত কেন ভবন নির্মাণ করেছেন এমন প্রশ্নে ৩য় তলা নির্মাণাধীন ভবনটির মালিক জাকির উদ্দিন আহমেদ বলেন, তিনি ২০১১ সালে কাজ শুরু করেন তখন রাজউকের অধীনে ছিল না। সেই কারণে তিনি ভেবেছেন অনুমোদন লাগবে না। এখন বিষয়টি তিনি অবগত হয়ে মুচলেকা দিয়েছেন। পরবর্তীতে কাজ করার পূর্বে তিনি নকশা অনুমোদন করে কাজ সম্পন্ন করবেন।