বরখাস্তের মধ্যেই এডিসি হারুন এবার যাচ্ছেন রংপুর রেঞ্জে

থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুন অর রশিদকে রংপুর ডিআইজি রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুব রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ সদর দফতরে সংযুক্ত অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগ আসে হারুন অর রশিদের বিরুদ্ধে। পরে রোববার বিকালে তিন সদস্য বিশিষ্ট তদন্ত একটি কমিটি গঠন করা হয়। এরপর হারুন অর রশিদকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। আবার ওইদিন বিকালে এক আদেশে তাকে এপিবিএন-এ বদলি করা হয়। পরে সোমবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।