পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

আজ বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা। মুসলিম বিশ্বের জন্য আজকের দিনটি তাৎপর্যপূর্ণ। সফর মাসের শেষ বুধবার মহানবী (স.) রোগমুক্তি পেয়েছিলেন। তাই মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসাবে এই দিনটি পালিত হয়।

আখেরি চাহার শোম্বা মূলত আরবি ও ফার্সি পরিভাষা। আরবি শব্দ 'আখেরি' অর্থ শেষ। ফরাসি শব্দ চাহার এর অর্থ সফর মাস ও আরও একটি ফরাসি শব্দ শোম্বা যার অর্থ বুধবার। অর্থাৎ আখেরি চাহার শোম্বা অর্থ সফর মাসের শেষ বুধবার। আখেরি চাহার শোম্বা পালন করা হয় কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এক রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলেন। কবরস্থানে গিয়ে সকল কবরবাসীর জন্য মোনাজাত করেন এবং শেষ রাতে বাড়ি ফিরে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পরেন।

এই অবস্থায় সকলে তার সুস্থতার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন এবং তাকে ওষুধ সেবন করায় তবে তার অবস্থার পরিবর্তন না হওয়ায় সকলেই তার বেঁচে থাকার আশা ছেড়ে দেয়। কিন্তু সফর মাসের শেষ বুধবার তিনি হঠাৎ সুস্থ হয়ে যাওয়ার পরে অনেকেই অবাক হয় ও অনেক বেশি আনন্দিত হয়। যার ফলে তারা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করে নামায আদায় করেন।

প্রতিটি মুসলিম যেন এই দিনটি মনে রাখে ও প্রতি বছর যেন এই দিনটি সকলকে মনে করিয়ে দেওয়া হয়। সাধারণত সেজন্য প্রতি বছর সফর মাসের শেষ বুধবার সারা বিশ্ব জুড়ে এ দিনটি পালন করা হয়। তবে অনেকেই দিনটি পালন করাকে বিদআত মনে করে থাকে। কারণ কোরআন ও হাদিসের কোথাও এই দিনটি সম্পর্কে কোনো কথা উল্লেখ করা নেই।

 
পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আজ বুধবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসাবে ইসলামী চিন্তাবিদসহ বিশিষ্ট আলেমেদ্বীনবর্গ অংশগ্রহণ করবেন।