কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রীসহ ২জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১০ যাত্রী। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লা অভিমুখী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের টামটা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১২জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২ নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার আবু আল মামুনের মেয়ে আনিকা আক্তার তাহসিন (২২) ও জেলার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের মৃত সফিকুর রহমানের মেয়ে রৌশন আরা (৫০)।
আরও পড়ুন: যশোরে থানার পাশে জুয়েলারি দোকানে চুরি
সন্ধ্যায় ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, নিহত আনিকা আক্তার তাহসিন কুমিল্লা ‘সেন্ট্রাল মেডিক্যাল কলেজ’ এর ছাত্রী। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু