আজ দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সেবা

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার সারাদিন জনগুরুত্বপূর্ণ এই সেবা বন্ধ রাখা হয়। আজ বুধবার দুপুর ২টার পর থেকে পুনরায় সেবাটি চালু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ইসির ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলামের পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান বিধায়, এনআইডি সংক্রান্ত সকল সেবা বুধবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বুধবার দুপুর দুইটা পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া এনআইডি সেবা হুট করে বারবার বন্ধ রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইসি কর্মকর্তাও। তাদের মতে জনগুরুত্বপূর্ণ এই সেবা বন্ধের আগে জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি জারি করা প্রয়োজন। অনেকেরই এনআইডি সংক্রান্ত কাজ থাকে। এছাড়া ইসি থেকে ১৭১টি প্রতিষ্ঠান এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেন। সাধারণ মানুষসহ এসব প্রতিষ্ঠানও পূর্ব ঘোষণা ছাড়া এই সেবা বন্ধ থাকায় নানান ভোগান্তিতে পড়তে হয়। তাই কমিশনের উচিত এই সেবা বন্ধ করার আগে গণবিজ্ঞপ্তি জারি করা।  

এনআইডি

জানা যায়, এর আগে সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখার পর গত ১৬ আগস্ট দুপুর ২টার দিকে চালু করা করে ইসি। সম্প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের নাগরিকের তথ্য বেহাতের ঘটনা প্রকাশ হয়। এরপর আইসিটি বিভাগের নির্দেশনায় বিষয়টি আমলে নিয়ে এনআইডি সার্ভারের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব সার্টও গঠন করেছে ইসি। এদিকে ‘ইন্ডিয়ান সাইবার ফোর্স’ নামে হ্যাকার গ্রুপ আগেই ১৯ সেপ্টেম্বর (গতকাল মঙ্গলবার) দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দিয়েছিল। 

এই বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাইবার হামলা যে কোনো সময় হতে পারে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সাইবার হামলার খবর পাইনি। সাইবার হামলার বিষয়ে সার্বক্ষণিক সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

NID

এর আগে গত ৩১ জুলাই ভারতীয় হ্যাকার দল দাবি করে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সার্ট জানায়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। সেই হুমকির পরিপ্রেক্ষিতে ৯ আগস্ট সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ২৯টি সংস্থাসহ অন্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইসিটি বিভাগ।