বরগুনায় রিফাত হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে বরিশাল থেকে আটক করার কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। হত্যার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় শুক্রবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, আটক করা চার যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় সম্পৃক্ত নয়। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশাল লঞ্চঘাট থেকে চার যুবককে আটক করা হয়।
এদিকে, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানার পুলিশ। এর মধ্যে সকালে চন্দন নামে একজন ও দুপুরে মো. হাসান নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। এদিন রাতে আরো এক আসামিকে গ্রেফতারের কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তবে তিনি ওই আসামির নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।
আরো পড়ুন : টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি দুই ভাই নিহত
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারী কলেজ রোডে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের পিতা দুলাল শরীফ বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি