১১ অক্টোবর কেসিসির দায়িত্ব নিচ্ছেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পুনঃনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী ১১ অক্টোবর ৪১ জন কাউন্সিলরসহ দায়িত্ব গ্রহণ করবেন। এর আগের দিন ১০ অক্টোবর শেষ হচ্ছে বর্তমান পরিষদের মেয়াদ। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১২ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখ ভোট বেশি পেয়ে কেসিসির মেয়র নির্বাচিত হন। এরপর গত ৩ জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন।

কেসিসির সূত্র জানায়, গত ১১ মে তালুকদার আব্দুল খালেক স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হন। এদিকে, দীর্ঘ সাড়ে চার মাস নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের বাইরে রয়েছেন। উক্ত সময়ে সিটি করপোরেশনের পরিচালনা সংক্রান্ত দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। 

সূত্র জানায়, গত ১২ জুন নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৬ জন এবং নারী প্রার্থীদের জন্য ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন কাউন্সিলরের মধ্যে চার জন নতুন প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, আইনগত জটিলতার কারণে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে বিলম্ব হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশিত ২০ জুন এক চিঠির মাধ্যমে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব, মামলার তথ্যসহ বেশ কয়েকটি তথ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো হয়। এদিকে যারা বর্তমান পরিষদে কাউন্সিলর আছেন তাদের ১০ অক্টোবর পর্যন্ত মেয়াদ রয়েছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ অক্টোবর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

তালুকদার আব্দুল খালেক বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে খুলনা মহানগরীকে জলাবদ্ধমুক্ত পরিকল্পিত, পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, আধুনিক ও উন্নত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।