রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং প্রধান আরিফ মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান। এ সময় তার আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হৃদয় (২০), মো. আলম (১৯) ও মো. রমজান (১৯)।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্যাংয়ের প্রধান হিসেবে আরিফ নিজ গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন।
পুলিশ জানিয়েছে, দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। আরিফের গ্রুপে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। তারা সেসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। গ্রুপের কোন সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে।
গতকাল রাতে তারা দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশ জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।