বাংলাদেশের প্রিমিয়ার প্রো বক্সিংয়ের আয়োজক এক্সবিসির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেক্সিমকো এক্সসেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট’। আগামী ৩০শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১১ টা পর্যন্ত, ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ফাইট নাইটে আন্তর্জাতিক পর্যায়ে হবে আটটি ফাইট যেখানে অংশগ্রহণ করবে একাধিক দেশের প্রতিনিধিত্বকারীরা।
এবারের চ্যাম্পিয়নশিপে একসাথে দেখা যাবে বাংলাদেশ, ভারত, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক এবং নেপালের বক্সারদের। সুপার মিডলওয়েট বাউটে চার রাউন্ডের ম্যাচে বাংলাদেশের জুয়েল আহমেদ জনির বিপরীতে থাকবেন ভারতের যুগন্ধর তাম্বাট। অন্যদিকে, নারীদের ছয় রাউন্ডের ফ্লাইওয়েট ম্যাচে বাংলাদেশের তানজিলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের আফরা খন্দকার। ওয়েল্টারওয়েট বাউটে মুখোমুখি হবেন বাংলাদেশের আল আমিন এবং রাশিয়ার কনস্ট্যান্টিন রুডেনকো। এছাড়া, ব্যান্টামওয়েটে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের উৎসব আহমেদ এবং ভারতের পবন কুমার আর্য।
চ্যাম্পিয়নশিপ আয়োজনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাউট থাকলেও, সবচেয়ে বেশি প্রতীক্ষিত লড়াইটি হলো এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে সুরো কৃষ্ণ চাকমা এবং মহেন্দ্র বাহাদুর চাঁদের মধ্যকার লড়াই।
গত বছরের মে মাসে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন সফলভাবে আয়োজন করেছিল প্রো-বক্সিং ইভেন্ট, 'সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট - দ্য আল্টিমেট গ্লোরি'। এরই ধারাবাহিকতায় এই বছরের চ্যাম্পিয়নশিপের লক্ষ্য হলো এই অঞ্চলে খেলাধুলার উপস্থিতি এবং স্বীকৃতিকে দৃঢ়ভাবে তুলে ধরা। গতবারের আয়োজনে বাংলাদেশের ১১ জন, নেপালের ২ জন এবং ভারতের একজন সহ ১৪ জন উল্লেখযোগ্য বক্সারকে দেখা গিয়েছিল।
দর্শকরা টি স্পোর্টস অ্যাপ এবং ফেসবুক লাইভে সম্পূর্ণ আয়োজনটি সরাসরি উপভোগ করতে পারবেন। ব্রডকাস্টিং পার্টনার টি-স্পোর্টস অনুষ্ঠানটি তাদের চ্যানেলে পরবর্তীতে সম্প্রচার করবে। এছাড়া, অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গতে অনলাইন স্ট্রিমের মাধ্যমে আয়োজনটি দেখা যাবে।
ওলিও ওরোলিও অলিভ অয়েলের পৃষ্ঠপোষকতায় এবং অন্যান্য পার্টনারশিপের সহায়তায় ফাইট নাইটটি এবার আরও বড় পরিসরে হচ্ছে। আয়োজনে কো-স্পন্সর হিসেবে আছে ইনস্টার, ক্লোথ, ট্রেডম্যাজেস্টিক লিমিটেড,আমি-প্রবাসী এবং এভিয়া মেরিন লিমিটেড। আরও যুক্ত আছে অফিসিয়াল হাইড্রেশন পার্টনার হিসেবে ব্রুভানা, পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ এবং হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।