ডেঙ্গুতে সেপ্টেম্বর মাসেই ৩৯৬ জনের রেকর্ড মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৮৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী।

শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা আটজন ও ঢাকার বাইরের ছয়জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ তিন হাজার ৪০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩ হাজার ২২২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ২০ হাজার ১৮৪ জন।

ডেঙ্গু (1)

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯ হাজার ২০৪ জন এবং ঢাকার বাইরের এক লাখ ১৩ হাজার ২৫৪ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ৯৫৯ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৫৮০ জন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। চলতি বছর অনেক আগে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।