ফেরি সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচটি ফেরি বিকল থাকায় যান পারাপারে সংকট দেখা দিয়েছে। এতে দৌলতদিয়া ঘাটের চার কিলোমিটার এলাকার জুড়ে নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। 

অপর দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোত, ডুবোচরে ফেরি আটকে যাওয়া ও ঝড়ো বাতাসে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা শত শত  যানবাহন মহাসড়কে আটকে পড়েছে। 

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঝড়ো বাতাসের কারণে অন্তত আড়াই ঘণ্টা ব্যস্ততম এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এ রুটের ২০টি ফেরির মধ্যে রোরো (বড়) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ভাষা শহীদ বরকত নামের ৩টি রোরো (বড়) ও একটি কেটাইপ ফেরি কাবেরীর প্রপেলসান সিস্টেম (তলদেশের অংশ) সংস্কারের জন্য এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। অপরদিকে শুক্রবার ভোর থেকে অপর রোরো ফেরি শাহজালাল যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে সংস্কার করা হচ্ছে। ৫টি ফেরি না থাকা ও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় যানবাহন আটকা পড়ছে।

সরেজমিনে, শুক্রবার বিকেল নাগাদ দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত অন্তত চার কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পরিবহনের সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ঘরে বসে পরীক্ষার হলে উত্তরপত্র সরবরাহ, আটক ৩৪

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি যানবাহন পারাপার করছে। তবে সন্ধ্যা নাগাদ সংস্কারে থাকা রোরো ফেরি শাহজালাল যানবাহন পারাপার শুরু করার কথা রয়েছে। তীব্র স্রোত ও বাতাসের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সাত্তার জানান, পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে পাটুরিয়ার ওয়ানওয়ে চ্যানেল দিয়ে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে চ্যানেলের পাশে অগভীর পানিতে আটকে যায় রোরো ফেরি আমানত শাহ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়। একইভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ চ্যানেলে আটকে যায় রোরো ফেরি শাহ-মখদুম। বেলা সাড়ে ১২টার দিকে ফেরিটিকে উদ্ধার করা হয়। এ কারণে চলাচলকারী ফেরিগুলোকে অধিক সাবধানতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। চ্যানেলের এ সমস্যার কারণে পাটুরিয়ার ৫নং ঘাটের ভাটিতে নতুন করে তৈরি করা চ্যানেলটি খুলে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/অনি