জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দলের আত্মপ্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দল ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত দলের নয় সদস্য বিশিষ্ট কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মো. মোতাহার হোসেনকে আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহীকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক আইরিন আক্তার, সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক মো. নূরুল আলম দায়িত্ব গ্রহণের পর কতিপয় সুবিধাবাদী শিক্ষকের ইন্ধনে আওয়ামীপন্থী জ্যেষ্ঠ শিক্ষকদের আস্থায় না নিয়ে ক্ষমতার প্রভাব খাটান। এভাবে গত বছরের ১১ অক্টোবর বিতর্কিতদের দিয়ে আওয়ামীপন্থীদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের’ নতুন আহবায়ক কমিটি গঠন করেন। সেখানে তিনি স্বজনপ্রীতি দেখান ও বিতর্কিতদের পৃষ্ঠপোষকতা প্রদান করেন। যাদেরকে কখনো জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

এতে বলা হয়, গত এক বছরে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে উপাচার্য ভীষণভাবে বিতর্কিত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থ হাসিলে তিনি সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির নির্বাচনী বোর্ডে যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে একাডেমিক ইথিকস ও পেশাদারিত্বের অভাব দেখিয়েছেন।

উপাচার্য নিয়োগে অনৈতিক প্রভাব বিস্তার সম্পর্কে এতে আরো বলা হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অনৈতিক প্রভাবের অভিযোগ উত্থাপিত হয়েছে। উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে এমন অভিযোগ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার, উপাচার্য পদ ও সরকারের জন্য ভীষণ অসম্মানজনক ও বিব্রতকর। তাই উপাচার্য নিয়োগে অনৈতিক প্রভাবের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। এছাড়া নব গঠিত শিক্ষক সংগঠন বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও এতে জানানো হয়।

এর আগে, গত ২০১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের নিয়ে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ গঠন করা হয়েছিল। দীর্ঘ চার বছর পর গত বছরের ১১ অক্টোবর নতুন করে সংগঠনটির পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর চলতি বছরের ২৫ জুলাই ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি গঠন করা হলে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।