‘খাইবার পাখতুনখোয়ার অধিকাংশ হামলায় আফগানরা জড়িত’

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের ৭৫ শতাংশ আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত আফগানরা। মঙ্গলবার এমনটা দাবি করেছেন প্রদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আখতার হায়াত খান।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াত খান বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের আঙুলের ছাপ থেকে জানা গেছে যে তারা আফগান নাগরিক। আফগান নাগরিকরা আলী মসজিদ, বারা, হাঙ্গু, বাজাউর এবং পুলিশ লাইনে আত্মঘাতী হামলায় জড়িত ছিল।’

প্রদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজি সম্পর্কে কেপি পুলিশ প্রধান বলেছেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত স্থানীয় এবং আফগান নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে।

কেপির শীর্ষ পুলিশ আরও বলেছেন, এই বছর ৭৬টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে যার মধ্যে তারা ৪৯টি কল ট্রেস করতে সক্ষম হয়েছে।

বিস্তারিত শেয়ার করার সময় আইজি বলেছেন, তারা একজন অপরাধীকে খুঁজে বের করতে পেরেছেন যে পেশোয়ারের একজন বড় ব্যবসায়ীকে চাঁদার জন্য কল করেছিল। দক্ষিণাঞ্চলের জেলায় স্থানীয় ঠিকাদারদের ফোন করতে গিয়ে চাঁদাবাজরা ধরা পড়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সম্প্রতি পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীকে নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি) শীর্ষক কমিটির বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ কথা ঘোষণা করেছেন।