মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ৬

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় নারী-শিশুসহ অন্তত ছয়জন নিখোঁজ হয়েছে। নিখোঁজরা সবাই মুন্সীগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ওই ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া ঘাটের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে ভ্রমণে এসেছিল। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচজনকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২৮) ও তার দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।