রাজধানী মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিমকে (২৬) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাঘাত করে ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেন। কেউ চাঁদা না দিতে চাইলে তাকে চাপাতি দিয়ে কোপান। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপান। তিনি চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরেন বলে তাকে ‘চাপাতি ফাহিম’ নামেই ডাকে সবাই। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন।
পুলিশ আরও জানিয়েছে, কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট এন্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করে আসছেন ফাহিম। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল শুক্রবার সকালে আবারও ওই দোকানে যান ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২৫০০ টাকা নিয়ে চলে যান। পরে সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে একটি রিভলবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে ছুরিকাঘাতে পুলিশের এসআই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।