পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। ওই দুই বন্ধু হলেন- যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক (৩৯) ও ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারের ছেলে সোহেল রানা (৩৫)।
শুক্রবার (৬ অক্টোবর) মধ্যরাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে রাজ কুমার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বেনাপোল থেকে যশোরের অভিমুখী আসছিলেন। পথে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে রাস্তা পার করতে থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন।
খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমারকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজ কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।