রোনালদো-মেসির রাজত্বে মদ্রিচের হানা!

তাহলে কি রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচই পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর? স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে আগামীকাল সোমবার ঘোষিত হতে যাওয়া পুরস্কারটি ক্রোয়েশীয় এই মিডফিল্ডারই পাচ্ছেন। এরকম খবরের মধ্যেই সাবেক রিয়াল মাদ্রিদ এবং স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক মনে করেন লিওনেল মেসি এবারও পুরস্কার না পেলে ব্যালন ডি’অর তার মূল্য হারাবে।

লুকা মদ্রিচ ব্যালন ডি’অর জিতলে তা হবে মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর দশ বছরের দ্বৈত শাসনের অবসান। এমন একটি খবরই জানিয়েছে স্প্যানিশ রেডিও চ্যানেল অন্দা কেরো। স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরও জানায় সেরা তিনে থাকা হচ্ছে না রেকর্ড পাঁচবারের জয়ী মেসির। তাকে ছাড়া সেরা তিনে লুকা মদ্রিচের পর দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেরা তিনের শেষ অবস্থানটি দখল করেছেন এ বছর ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যান্টোনিও গ্রীজম্যান। অসাধারণ এক মৌসুমই কাটাচ্ছেন মদ্রিচ। ফর্মের চূড়ায় থেকে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বকাপের ফাইনালে তুলেছেন নিজের দেশ ক্রোয়েশিয়াকে। তবে শেষ কয়েক মাসে তার ছন্দে কিছুটা ভাটা পড়েছে। যার খেসারত দিয়ে ধুঁকছে তার দুই দলই। লা লিগার শীর্ষ চারেই নেই রিয়াল মাদ্রিদ। অন্যদিকে উয়েফা নেশন্স কাপের ‘এ’ লিগ থেকে অবনমন হয়েছে তার দেশ ক্রোয়েশিয়ারও।

তবে অন্দা কেরো জানাচ্ছে, মৌসুমের শুরুর দিকে এমন বাজে ফর্ম তার ব্যালন পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না। পুরস্কারটি গ্রহণ করতে লুকা মদ্রিচ ব্যালন ডি’অর গালায় সপরিবারে হাজির হবেন বলেও জানিয়েছে আরেক স্প্যানিশ পত্রিকা মার্কা।

ব্যালন ডি’অর গালাকে সামনে রেখে ফাঁস হওয়া সেরা তিনের প্রতিবেদনগুলোর বেশিরভাগেই একটা ব্যাপার মিলে গেছে। সেটি হচ্ছে সেরা তিনে মেসির অনুপস্থিতি।

গত মৌসুমে ৩৬ ম্যাচে ৩৪ গোল করে বার্সেলোনার স্প্যানিশ লিগ শিরোপা পুনরুদ্ধারের পুরোধা ছিলেন মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন শুও জেতেন গেলবার। এতোকিছুর পরেও ব্যালন ডি’অরের সেরা তিনে থাকবেন না তিনি, এমনটাই বিশ্বাস করছেন অনেকে।

ব্যাপারটি বোধগম্য হচ্ছে না সাবেক স্পেন এবং রিয়াল মাদ্রিদ কোচ ভিসেন্তে দেল বস্কের। ব্যালন ডি’অর পুরস্কার বিতরণীকে সামনে রেখে সম্ভাব্য সেরা তিনের প্রতিবেদনে মেসির নাম না থাকায় বেশ অবাক হয়েছেন বলেও জানান এই কোচ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘মেসি না থাকাতে আমি বেশ অবাক হয়েছি!’ দেল বস্ক মনে করেন আর্জেন্টাইন তারকা ব্যালন ডি’অর না জিতলে পুরস্কারটি তার গুরুত্ব পুরোপুরি হারিয়ে ফেলবে। তিনি বলেন, ‘আমি মনে করি, সে যদি বিশ্বসেরা খেলোয়াড়দের শীর্ষে না থাকে, তবে এটা (ব্যালন ডি’অর) তার গুরুত্ব পুরোপুরি হারিয়ে ফেলবে। আর কিছু হোক না হোক এটা বেশ অদ্ভুত!’