নতুন করে সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন। গতকাল শনিবার ভোরে ফিলিস্তিনিদের দিক থেকে ইসরায়েলে আকস্মিক এবং নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে সবশেষ ১৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত এক হাজার।
‘আমরা যুদ্ধের মধ্যে আছি, এটা কোনো অভিযান নয়, কোনো উত্তেজনা নয়, এটা যুদ্ধ’
- বেনিয়ামিন নেতানিয়াহু
প্রধানমন্ত্রী, ইসরায়েল
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন ইসরায়েলি সেনাকে বন্দী করেছে হামাস। সেইসঙ্গে বেসামরিক লোকদের জিম্মি করারও আশঙ্কা করা হচ্ছে। হামাস দাবি করেছে, ইসরায়েলে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ বলেছে, হামাসের রকেট ছোড়ার সংখ্যা দুই হাজারের বেশি।
হামলার পর পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ ‘যুদ্ধের মধ্যে রয়েছে’। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দিক থেকে আকস্মিক আক্রমণ শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বক্তব্য দিয়েছেন।
তিনি আরও বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে আছি, এটা কোনো অভিযান নয়, কোনো উত্তেজনা নয়, এটা যুদ্ধ।’
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বেশ কিছু অস্ত্রধারী দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ফিলিস্তিনি প্রায় ২৫০০ রকেট ছুঁড়েছে ইসরায়েলে। এছাড়া সমুদ্র, স্থলপথ এবং প্যারাগ্লাইড করে অস্ত্রধারীরা ইসরায়েলে ঢুকে পড়েছে।
রকেট হামলার জবাবে ইসরায়েল হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা হামাসের ১৭টি সেনা কম্পাউন্ডে হামলা করেছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ তাদের নিজস্ব সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে তারা এখন পর্যন্ত ১৭টি সেনা কম্পাউন্ড আর হামাসের অপারেশনের চারটি হেডকোয়ার্টারে হামলা করেছে।