জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু হয়ে রেল সংযোগ উদ্বোধনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষ মুখিয়ে আছে।’
শনিবার (৮ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় চিফ হুইপের স্ত্রী জিনাত পারভীন চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, ইউএনও মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ওসি সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, ‘যেহেতু পদ্মার পাড়ে শিবচরে দুটি রেল স্টেশন আমাদের মধ্যে পড়েছে একটি পদ্মা স্টেশন অপরটি শিবচর স্টেশন। এর ফলে অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি উপকৃত হবো। নৌ-পথ,সড়ক পথের পর আমরা রেলপথে সংযুক্ত হতে যাচ্ছি। রেল সবচেয়ে কম খরচে মালামাল ও যাত্রী পরিবহন করবে। এতে সময়ও ঠিক থাকবে। যে সময় রেল পৌছানোর কথা সেই সময়ই পৌছাবে। ভাড়াও কম হবে। সাধারন মানুষ অনেক বেশি উপকৃত হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা না চাওয়ার পরও প্রধানমন্ত্রী আমাদের রেল দিয়েছেন। আমরা রেল পাবো এটা কোনোদিন আমরা স্বপ্নও দেখিনি, আমরা কোনোদিন আশাও করিনি, কখনও দাবিও করিনি। এটা প্রধানমন্ত্রী তার নিজের পরিকল্পনায় পদ্মা সেতুর সঙ্গে একটি নতুন সংযোগ আমাদের দিয়েছেন। আমরা দক্ষিণ বঙ্গের মানুষ এ জন্য ভাগ্যবান ও আমরা এ জন্য তার কাছে সবদিক থেকে ঋণী হয়ে গেছি। এ অঞ্চলের সব মানুষ এখন অপেক্ষা করছে প্রধানমন্ত্রী কবে আসবেন। রেল উদ্বোধনকে কেন্দ্র করে শিবচরেও আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’