যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে বাংলাদেশগামী ফ্লাইটে ১২ ঘণ্টা বিলম্ব হয়েছে। এই সময়ের মধ্যে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। মেরামতের পর রাতেই ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর আশা করছেন যাত্রীরা।
ফ্লাইট বিলম্বের এ ঘটনায় দুবাই এয়ারপোর্টে বিক্ষোভ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। যাত্রীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশি শ্রমিক। অনেকেরই ঢাকা থেকে বিভিন্ন জেলার কানেক্টিং টিকিট বুকিং ছিল।
রোববার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিমানের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফটটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকতে হয়েছে।
ওই ফ্লাইটে মোট ২৬৮ যাত্রী ছিলেন।
বিষয়টি দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের সাংবাদিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু সাড়া দেননি তিনি।