মেঘনা থেকে আরও দুজনের লাশ উদ্ধার 

বাল্কহেডের ধাক্কায় গত শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চাঁদপুরের ষাটনল এলাকা থেকে সকাল সাতটায় নিখোঁজ জান্নাতুল সাবিহার (৮) লাশ ও বেলা ১০টায় মুন্সীগঞ্জের চরঝাপটা থেকে সাব্বির হোসেনের (৩৬) লাশ উদ্ধার হয়।

এর আগে শনিবার সুমনা আক্তারের (২৬) লাশ ৩০০ মিটার দূরে নদী তীরের চররমজানবেগ থেকে উদ্ধার হয়। সাবিহা নিহত সুমনার ভাসুরের মেয়ে। অন্যদিকে সাব্বির হোসেন নিহত সুমনার ভগ্নিপতি।

এই নিয়ে দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হলো। তবে এখনও সাব্বিরের ছেলে ইমাদ হোসেন (৭), সুমনার দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬) ও জান্নাতুল ফেরদৌস (৪) নিখোঁজ রয়েছে। তাদেরকে খোঁজাখুঁজি চলছে।

এসব তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ অঞ্চলের উপপরিচালক ওবায়দুল করিম। তিনি বলেন, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-বাহিনীর ডুবুরি ও নৌ-পুলিশ নিখোঁজ ওই তিনজনের লাশের সন্ধানে তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে।

তবে এখনও দুর্ঘটনাকবলিত ট্রলার শনাক্ত ও ঘাতক বাল্কহেড জব্দ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের পরিবারের ১১ সদস্য দৌলতপুর থেকে ট্রলার নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে বাল্গহেটের ধাক্কায় ডুবে যায় প্রায় ৬০ ফুট দীর্ঘ  ট্রলারটি। চালকসহ ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ হয়।