এবার মিসরে দুই ইসরায়েলি পর্যটক হত্যা

চলমান হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে এবার মিসরের আলেকজান্দ্রিয়ায় দুই ইসরায়েলি পর্যটককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনা মিসরীয় সরকারের জন্য বড় উদ্বেগের কারণ হতে চলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় হত্যার বিষয় নিশ্চিত করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আজ (রোববার) সকালে মিসরের আলেকজান্দ্রিয়াতে একজন স্থানীয় তাদের লক্ষ্য করে গুলি চালালে দুই ইসরায়েলি এবং তাদের মিসরীয় গাইড নিহত হয়। আরও একজন আহত ইসরায়েলির অবস্থা আশঙ্কাজনক।’

পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ, আইডিএফ এবং কায়রোতে ইসরায়েলের দূতাবাস সবাই ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধের পর মিসর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে ইসরায়েলি পর্যটকরা মিসরে আসছেন। সুতরাং এটি মিসরীয় সরকারের জন্য একটি বড় উদ্বেগ হতে চলেছে।

এদিকে শনিবার থেকে চলা হামাস-ইসরায়েলের সংঘর্ষে মৃতের সংখ্যা ৩৫০ ছুঁয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।