দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। রোববার দুপুরে মহাসড়কের দোহাজারী রেল স্টেশন রোডের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। নিহতরা হলেন—মৃদুল কান্তি নাথ ও মো. আবদুল্লাহ। অপর আহত দুই জনকে স্থানীয় দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মো. ইরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রবিবার সকালে প্রাইভেট কারের চাপায় মুনসের আলী (৪০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। হাসাড়া হাইওয়ে থানার এসআই আছিফ উজ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি টাঙ্গাইলে। লাশটি হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক কারটি জব্দ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জামালপুর :জামালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাফিজুর রহমান নামে এক চিকিত্সকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে নান্দিনা-জামালপুর মহাসড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নান্দিনা সরকারি স্বাস্থ্য উপকেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) :চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় হাসিবুর রহমান (২) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার উপজেলার পিচমোড়ে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত পাওয়ার ট্রিলারটি আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ না থাকায় মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।