চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের এক যুবক স্বর্ণ কোমরে বেঁধে সীমান্তের ওপারে যাওয়ার উদ্দেশ্য নদীতে লাফ দিয়ে প্রায় দুই ঘণ্টা নিখোঁজ হয়। দুই ঘণ্টা পর স্থানীয় ঘাট মোড়ে তার লাশ ভেসে উঠলে গ্রামবাসী উদ্ধার করে ডাঙ্গায় তোলে।
গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিজিবি ও দর্শনা থানা পুলিশ লাশের কোমরে বাঁধা আটটি বড় ও দুইটি ছোট স্বর্ণের বার উদ্ধার করে।
পুলিশ ও গ্রামবাসীরা সাংবাদিকদের জানায়, নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলির ছেলে মিরাজ আলি (১৮) বিকালের দিকে সহকর্মীদের নিয়ে নাস্তিপুর ঘাটের কাছে অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে মেরাজ সীমান্তের ওপারে যাওয়ার উদ্দেশ্য নদীতে লাফ দেয়।
গ্রামবাসীরা জানায়, বেশি ওজনের কারণে আর উঠতে না পেরে নিখোঁজ হয়। পরে তার সহকর্মীরা বাড়িতে খবর দিলে খোঁজাখুঁজি শুরু হয়। বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামের ঘাট মোড়ে লাশ ভেসে উঠে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই আঃ রহমান জানান, স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।