শিবচরে রেল লাইন এলাকা সেজেছে ব্যানার-ফেস্টুনে

পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন হচ্ছে আজ। নতুন এই রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেন চলাচল উদ্বোধনকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হচ্ছে পুরো রেলপথ এলাকা। এছাড়া, রেললাইনে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের রেললাইনে উঠতে দেয়া হয়নি। পুরো রেলপথের বিভিন্ন স্থানে নিরাপত্তাকর্মীদের দেখা গেছে।

সূত্র জানায়, পদ্মা সেতুর রেললাইন, শিবচরের পদ্মা ও শিবচর স্টেশনে রেলওয়ে পুলিশ ছাড়াও শিবচর থানার পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া, এনএসআই, ডিএসবির সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে স্টেশনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিবচরের পাঁচ্চর, আড়িয়াল খাঁ সেতু, সূর্যনগরসহ রেলপথের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে রেল উদ্বোধন ঘিরে শিবচরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীরা নিচ্ছেন বাড়তি প্রস্তুতি। রঙিন টি-শার্ট, প্ল্যাকার্ড হাতে রেললাইন সংলগ্ন সড়কে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন নেতাকর্মী ও সমর্থকরা।

এ বিষয়ে শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী রেল চলাচল উদ্বোধন করবেন। স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তা রয়েছে। রেল লাইন এলাকায় সতর্ক পাহারায় রয়েছে শিবচর থানার পুলিশ।

এ সম্পর্কে জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিবচরের রেল লাইন সংলগ্ন এলাকা এবং শিবচরের দুটি স্টেশনকে সজ্জিত করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও নৌকা দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। বিভিন্ন স্থানে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য ফেস্টুন টাঙানো হয়েছে । শিবচরের রেল লাইনের পুরো এলাকায় কয়েক হাজার ফেস্টুন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেল লাইনের দুই পাশে, যেখানে দাঁড়ানোর সুযোগ থাকবে এবং আড়িয়ল খাঁ সেতুসহ রেল লাইনে পাশে আমাদের নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। এ সময় রঙিন টি-শার্ট, ক্যাপ পরিধান করে আনন্দঘন পরিবেশ তৈরি করতে সচেষ্ট থাকবে সকলে। তবে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে। আমরা উভয় দিক বিবেচনা করেই রেল উদ্বোধনকে উৎসবে পরিণত করবো। মঙ্গলবার সকাল ১০টা থেকেই আমাদের কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

প্রসঙ্গত, ভাঙ্গা থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার উদ্বোধন শেষে কয়েক দিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য চলাচল শুরু করবে ট্রেন। পদ্মাপাড়ের এই এলাকা প্রথমবারের মতো রেল লাইনের আওতায় এসেছে। পদ্মা সেতু হয়ে এই ট্রেন যাবে ঢাকায়।