বিচারপতির নামে ভুয়া ফেসবুক আইডি, ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট সাইট নেই। বিচারপতি ইনায়েতুর রহিমের নামে চালু করা ফেসবুক আইডি ভুয়া। কাজেই দেশের সর্বোচ্চ আদালতের এই বিচারপতির নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে এই ভুয়া ফেসবুক আইডি চালুকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ইতিমধ্যে পুলিশের এন্টি টেরিরিজম ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশের এই বিশেষায়িত সংস্থাকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে, বিচারপতি এম.  ইনায়েতুর রহিম কোন ফেসবুক আইডি ব্যবহার করেন না। এরুপ ভুয়া ফেসবুক আইডিতে বিচারপতির নাম-পরিচয় ব্যবহার করায় তা সংশ্লিষ্ট বিচারপতি ও সুপ্রিম কোর্টের জন্য বিব্রতকর। এরূপ আইডি'র মাধ্যমে সন্ত্রাসী বা অবৈধ কার্যকলাপ ঘটানোর সম্ভাবনা রয়েছে। ফলে এ বিষয়ে দ্রুত তদন্ত পূর্বক জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান ইত্তেফাককে বলেন, বিচারপতি ইনায়েতুর রহিমের কোন ফেসবুক আইডি নাই। যে বা যারা এ ধরনের ভুয়া আইডি চালু করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।