টাকা লুট করতেই প্রতিবেশীকে খুন, একমাস পর র‌্যাবের হাতে গ্রেপ্তার 

সাভারের আশুলিয়ায় এক নারীকে হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর টাকা লুটের ঘটনার এক মাস পর অভিযুক্ত হত্যাকারী যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার কৃতের নাম উজ্জ্বল হোসেন (৩৫)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা গ্রামে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে নিহত সাহেরা বেগমের পাশের রুমেই ভাড়া বাসায় বসবাস করতো। 

নিহত সাহেরা বেগম (৫৫) টাঙ্গাইলের দেলদুয়ার থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। তিনি আশুলিয়ার বাড়ইপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করে গাজীপুরের চন্দ্রা এলাকায় খাবার হোটেলের ব্যবসা করতেন।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, সাহেরা বেগমের হোটেলে খাওয়াদাওয়ার সূত্রে তার সঙ্গে পরিচয় গড়ে তোলে উজ্জ্বল। পরিচয়ের সূত্রে সে সাহেরা বেগমের পাশের রুম ভাড়া থাকতো। বৃদ্ধ সাহেরা বেগমের কাছে মোটা অঙ্কের টাকা থাকতে পারে এই আশায় সেই টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে উজ্জ্বল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর সাহেরা বেগমের ভাড়া বাসায় ঢুকে তার হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় উজ্জ্বল। এসময় সে বৃদ্ধার ঘরে থাকা ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। 

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল উজ্জ্বল। পরে বিভিন্ন গোপন সূত্রে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার রাতে তাকে ঢাকার কমলাপুর এলাকা থেকে র‌্যাব-৪ ও র‌্যাব-১০- যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে উজ্জ্বল হোসেন।