মাদারীপুরে ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার (২৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক আজিজুল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।

জানা গেছে, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউপির মাথাভাঙ্গা গ্রামের একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। সেখানে বসে ওই দুর্বৃত্তরা মিলে আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্যাতন শেষে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে তার অবস্থার বেগতিক দেখে সকালে তাকে একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আজিজুল শিকদারের।

নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে কে বা কারা রাতের আধারে খবর দিয়ে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা মামলা করবো।

আজিজুল শিকদারের চাচা সাবেক কাউন্সিলর আকমাল বেপারী বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক এর আগেও চোর সাজিয়ে কয়েকবার পরিকল্পিতভাবে মারধর করেছে। তার অপরাধ আমার সঙ্গে চলাফেরা করে কেন। ও খুবই শান্তপ্রকৃতির ছেলে।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, একটা লোক চুরি করলে দেশে তার বিরুদ্ধে আইন আছে। তাকে আইনের আওতায় এনে বিচার করা যেত। আজিজুলকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে তদন্ত করে বেড় করার চেষ্টা চলছে।