দীর্ঘ সময় পর বিদেশ সফরে পুতিন

চলতি বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

এরপর থেকে বিদেশে সফর করতে পারেননি তিনি। পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে প্রথম বিদেশ সফরে কিরগিজস্তানে গেছেন পুতিন। ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

কিরগিজস্তান আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ নয়। তাই পরোয়ানা মাথায় নিয়ে সফরে গেলেও পুতিনকে গ্রেপ্তার করার কোনো আইনি বাধ্যবাধকতা দেশটির নেই।

ছবি: সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়, সফরকালে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভের সঙ্গে বৈঠক করবেন পুতিন। এছাড়া, মনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্স স্টেটের সম্মেলনে অংশ নেওয়ারও কথা রয়েছে তার। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও অপরাপর আঞ্চলিক নেতারা এ সম্মেলনে অংশ নেবেন।

ছবি: সংগৃহীত

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর থেকে খুবই কম দেশের বাইরে গেছেন পুতিন।

ছবি: সংগৃহীত

চলতি বছর মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত তার (পুতিন) নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আর বিদেশ সফর করেননি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন ও ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনেও অংশ নেননি পুতিন। উল্লেখ্য, এ বছর পুতিন ইউক্রেনের রুশ অধিকৃত এলাকায়ই শুধু সফর করেছেন।

ছবি: সংগৃহীত

এর আগে গত ডিসেম্বরে বেলারুশ ও কিরগিজস্তান সফর করেছিলেন তিনি। অন্যদিকে সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেছেন।