চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবী নিহত

চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড়ে ইজিবাইকের ধাক্কায় জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসন (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় বিদ্যুৎচালিত অবৈধ ইজিবাইকৈর ধাক্কায় তিনি গুরুতর আহত হন। 

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট বেলাল হোসন জানান, জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসেন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য সদর উপজেলার শহরতলী দৌলতদিয়াড় গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আহত আইনজীবী মঞ্জুর হোসনকে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।