আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে যারা বেঁচে গেছে, তাদের জন্য অপেক্ষা করছে আরেক মরণপণ লড়াই। প্রচণ্ড ঠান্ডায় খোলা আকাশের নিচে হাজারো আফগানকে পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট।
হেরাত অঞ্চলে শনিবারের ভূমিকম্পে ২ হাজার ৫৩ জন প্রাণ হারিয়েছে বলে দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ১ হাজার ৭০০ পরিবারের ১২ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেন্দা জান জেলার ১১টি গ্রাম একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এখানকার বাড়িঘর শতভাগ ধসে গেছে। নায়েব রাফি গ্রামের জারিনের পরিবারের ১১ সদস্য প্রাণ হারিয়েছে।
জারিন বলেছেন, সাহায্যের তাঁবু দিয়ে শীত মোকাবিলা সম্ভব নয়। তিনি আরো বলেন, ‘সরকার আমাদের সরিয়ে না নিলে কিংবা সাহায্য না করলে আমরা এখানেই আটকে থাকব। ২০২১ সালে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসা তালেবান সরকারের পক্ষে দুর্গতদের জন্য বড় ধরনের আশ্রয়ের ব্যবস্থা করা চ্যালেঞ্জের বিষয়। কারণ, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গে তালেবান সরকারের তেমন ভালো সম্পর্ক নেই।