আল আকসায় বিক্ষোভের ডাক হামাসের

সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের প্রতিবাদে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর এলাকার সাধারণ ফিলিস্তিনিদের নিয়ে বিক্ষোভের ডাক দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ ও প্রথম কিবলা মসজিদ আল আকসা চত্বরকে বেছে নিয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হামাস। শুক্রবারের বিবৃতিতে আকসা চত্বরে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের লড়াইয়ের আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি। খবর মিডল ইস্ট মনিটরের।

এর আগে গত ৭ অক্টোবর ভোররাতে ইসরায়েলে হামলা করে হামাসের যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় গুটিয়ে যায়নি ইসরায়েল। ওই দিন থেকেই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে দেশটির বিমান বাহিনী।

বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ছয়দিনে অন্তত ছয় হাজার বোমা ফেলা হয়েছে গাজা উপত্যকায়।