ফ্রান্সে জরুরি সতর্কতা জারি

ফ্রান্সে এক স্কুলশিক্ষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি জঙ্গিবাদ মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন।

গতকাল শুক্রবার উত্তর-পূর্ব ফ্রান্সের শহর আরাসের একটি স্কুলে ছুরির হামলায় একজন শিক্ষক নিহত ও দুইজন গুরুতর আহত হন। খবর বিবিসির। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গাম্বেটা উচ্চ বিদ্যালয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার সময় হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছে।

ফরাসি চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি একজন ফরাসি ভাষার শিক্ষক। হামলায় একজন ক্রীড়া শিক্ষকও আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী স্কুলের একজন প্রাক্তন ছাত্র। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের কারণে ফ্রান্সের মুসলিম ও জুয়িশ কমিউনিটির ভেতরেও অস্থিরতা বিরাজ করছে। এরইমধ্যে স্কুলশিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা আরও উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে দেশটিতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি ম্যাঁক্রোর সঙ্গে সাক্ষাতের পর এমন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী বর্নি।