মাগুরার শ্রীপুরে আগুনে পুড়ে ২ জনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৪টার দিকে কচুবাড়িয়া গ্রামের আলম শেখের বাড়িতে হঠাৎ আগুন লেগে বসত ঘর পুড়ে যায়। ঘরে ঘুমিয়ে থাকা তার প্রতিবন্ধী স্ত্রী সবিরণ বেগম (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। আগুন নেভাতে এসে প্রতিবেশী আকছেদ শেখ (৩৫) ওরফে কানু বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনিও মারা যায়। অপরদিকে অগ্নিদগ্ধ জাহাঙ্গীর শেখ মারাত্বক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে শনিবার সকালেই মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন তাৎক্ষণিক লাশ দুটি দাফনের প্রয়োজনীয় উপকরণ ও নগত ৫ হাজার টাকা প্রদান করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।