সাতকানিয়ায় যুবলীগ কর্মীর হাতে যুবলীগ কর্মী খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ কর্মী জসিম উদ্দিন চিড়াই কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটানোতে গুরুতর আহত মো. জিয়াবুল নামের অপর এক যুবলীগ কর্মী। শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ঘটনার পর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মো. জিয়াবুল। ঘটনার এক সপ্তাহ পর  শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর ২নং ওয়ার্ডের নুর পাড়ায় সামাজিক একটি পুকুর থেকে মাছ চুরির বিষয়ে জিয়াবুলের সাথে একই ওয়ার্ডের যুবলীগ কর্মী মো. জসিম উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম চিড়াই কাঠের বাটাম দিয়ে জিয়াবুলকে এলোপাতাড়ি পেটালে তিনি মাথা ও মুখমন্ডলে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে জিয়াবুল মারা যান। জিয়াবুল ওই এলাকার আব্দুস ছবুরের ছেলে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়াবুলকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এক সপ্তাহ তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মারা গেছেন। জিয়াবুল যুবলীগের একনিষ্ঠ কর্মী ছিল। যারা এই ঘটনার সাথে জড়িত আমি তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফীউল কবির জানান, উপর্যপুরি গাছের বাটামের আঘাতে জিয়াবুল গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি ছিল। গতকাল সকালে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

ইত্তেফাক/আরকেজি